বাজার স্থিতিশীল রাখতে গত শনিবার গম রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। ফলে নতুন করে কোনো এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। পুরনো এলসির বিপরীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টেন্ডারকৃত গম আমদানি অব্যাহত আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত রফতানি বন্ধের ঘোষণা দিলে শনিবার সকাল থেকেই স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। আধাবেলা পর পুরনো এলসির বিপরীতে আবারো আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে গম রফতানি বন্ধ রেখেছিল ভারতীয় কাস্টমস। পরবর্তী সময়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যেসব এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শুধু সেসব গম রফতানি করার সিন্ধান্ত নেয় কাস্টমস। পাশাপাশি ১২ মে পর্যন্ত যেসব এলসি হয়েছে সেগুলোর বিপরীতে গম রফতানি করা হবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এ সম্পর্কে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে সোমবার (আজ)।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দয়াল মোল্লা বলেন, আমাদের বেশ ভালো পরিমাণ গমের এলসি ভারতের রয়েছে। নতুন এলসি না নিলেও আমরা আগে যেসব এলসি দিয়েছি সেগুলোর বিপরীতে যেনো গম সরবরাহ করা হয়। বন্দরের ১৫-১৬ জন আমদানিকারকের প্রায় ৭০ হাজার টনের মতো গমের এলসি ভারতে আছে বলেও জানিয়েছেন তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে বেশ কিছুদিন গম আমদানি অব্যাহত আছে। প্রতিদিন গড়ে ৫০-৬০ ট্রাক করে গম আমদানি হয়। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ৫২টি ট্রাকে ১ হাজার ৯৫৯ টন গম ঢুকেছে। শনিবার দুপুর পর্যন্ত বন্দর দিয়ে কোনো গম আমদানি হয়নি। দুপুরের পর থেকে বন্দর দিয়ে আবারো গম আমদানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে ৫০টি ট্রাকে ১ হাজার ৯২৩ টন গম আমদানি হয়েছে।










