বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভারতে স্বর্ণ আমদানি কমেছে। দেশটির সরকারি তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের এপ্রিল-জুলাইয়ে ১ হাজার ২৬৪ কোটি ডলারের স্বর্ণ আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৩ শতাংশ কম। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ভারতের স্বর্ণ আমদানি ৩০ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৫৪ কোটি ডলারে পৌঁছেছিল।
জানা যায়, চলতি বছরের জুলাইয়ে ৩১৩ কোটি ডলারের স্বর্ণ আমদানি করা হয়, যা আগের বছরের একই মাসের তুলনায় ৬৫ শতাংশ কম। ২০২৩ সালের জুলাইয়ে ৩৫০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করা হয়েছিল। এর আগে জুনে আমদানি আগের বছরের একই মাসের তুলনায় ৩৮ দশমিক ৬৬ ও মে মাসে ৯ দশমিক ৭৬ শতাংশ কমেছিল।
তবে এপ্রিলে স্বর্ণের আমদানি ছিল ঊর্ধ্বমুখী। ওই মাসে ৩১১ কোটি ডলারের স্বর্ণ আমদানি করা হয়, গত বছরের একই মাসে যার পরিমাণ ১০০ কোটি ডলার।
ভারতীয় এক জুয়েলারি ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় মূল্যবান ধাতুটির আমদানি নিরুৎসাহিত হচ্ছে। তবে সেপ্টেম্বর থেকে উৎসব মৌসুম শুরু হওয়ায় আমদানি বাড়তে পারে। এদিকে স্বর্ণ ও রুপা আমদানির ওপর ধার্যকৃত ১৫ শতাংশ শুল্ক ৬ শতাংশে নামিয়ে এনেছে ভারত সরকার। আমদানিকারকরা এ শুল্ক কর্তনের সুবিধাও নিতে পারবেন বলেও জানান ওই ব্যবসায়ী।










