খেলাপি ঋণ আদায় জোরদার, বাজেট ঘাটতি পূরণ এবং রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলনে গতকাল এসব বিষয় উঠে আসে। এতে জুন ২০২৬ পর্যন্ত ব্যবসায়িক অবস্থান পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সাউথইস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে অনুমোদিত বাজেটের আলোকে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম ও লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় খেলাপি ঋণ আদায়ের বর্তমান অবস্থা ও কৌশল, ঋণ আদায়ের পরিকল্পনা, শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা এবং রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেয়া হয় হোম লোন, পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণে।
সম্মেলনে খেলাপি ঋণ আদায়কে সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। এ লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের বাস্তবসম্মত ঋণ আদায় পরিকল্পনা বাস্তবায়ন, ঋণগ্রহীতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানো এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ও সময়োপযোগী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে কমপ্লায়েন্সভিত্তিক ব্যাংকিং পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং রিটেইল ব্যাংকিংয়ে নতুন ও সম্ভাবনাময় গ্রাহক সেগমেন্ট চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে খালিদ মাহমুদ খান বলেন, ‘লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাজেট ঘাটতি পূরণ, খেলাপি ও অনাদায়ী ঋণ আদায় জোরদার, রিটেইল ব্যাংকিংয়ের পরিধি বাড়ানো এবং স্থিতিশীল ও স্বল্পমূল্যের আমানতের ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংক পর্ষদ।’
সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সমাপনী বক্তব্যে এমডি ও সিইওর চলতি দায়িত্বে থাকা আবিদুর রহমান চৌধুরী আন্তরিকতা, পেশাদারত্ব, উদ্ভাবনী চিন্তা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।










