চীনে ২০২৩-২৪ শস্যবছরে সয়াবিন আমদানি বাড়তে পারে। এ সময় বিশ্বব্যাপী পণ্যটির দাম কমায় আমদানি বাড়ানো হতে পারে। সম্প্রতি প্রকাশিত আগস্টের আউটলুকে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। খবর বিজনেস রেকর্ডার।

আউটলুকে কৃষি মন্ত্রণালয় জানায়, ২০২৩-২৪ শস্যবছরে চীন ৯ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টন সয়াবিন আমদানি করতে পারে।

এছাড়া প্রক্রিয়াজাতের জন্য দেশটিতে এ সময় সয়াবিনের ব্যবহার ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের মাসের পূর্বাভাসের তুলনায় ৩ লাখ ৫০ হাজার টন বেশি।

চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। দেশটির বাজারে কৃষিপণ্যটি আমদানির পরিমাণ আন্তর্জাতিক বাজারে মূল্য নির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করে। চীন সয়াবিন আমদানি বাড়ালে কিংবা কমালে বাজারে এর দাম ওঠানামা করে। দেশটিতে আমদানি করা সয়াবিনের ৮০ শতাংশই পশুখাদ্য হিসেবে ব্যবহার হয়।