টানা চারদিনের মতো কমেছে তামার দাম। ডলার শক্তিশালী হওয়ায় নিম্নমুখী প্রবণতা চলছে মেটাল এক্সচেঞ্জে। আর চাহিদা কমায় মজুদের পরিমাণও বেড়েছে। এতে অব্যাহতভাবে দাম কমছে শিল্প ধাতুটির। খবর বিজনেস রেকর্ডার।
তামার শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে মধ্য শরৎ উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী সরকারি ছুটি চলছে। এটিও ধাতুটির বিক্রি কমাতে সাহায্য করেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৯১৬ ডলারে। অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে টনপ্রতি ২ হাজার ২৩৫ ডলার ৫০ সেন্টে। কমেছে দস্তার দামও। দশমিক ৪ শতাংশ কমে ধাতুটির দর নেমেছে প্রতি টনে ২ হাজার ৪৮২ ডলার ৫০ সেন্টে।
এদিকে বিক্রি কমায় তামার মজুদ বেড়েই চলেছে। গতকাল এলএমইতে ধাতুটির মজুদ ২১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪২৫ টনে। মধ্য জুলাইয়ের পর এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধির খবর।
ফেডারেল রিজার্ভ ব্যাংক লম্বা সময় উচ্চ সুদহার অপরিবর্তিত রাখতে পারে। এমন পূর্বাভাসে মার্কিন ট্রেজারি বন্ড ক্রয়ে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এতে ডলারের চাহিদা বাড়ায় বিনিময় মূল্য বেড়ে গেছে। গতকালও মুদ্রাটির বিনিময় মূল্য ১১ মাসের সর্বোচ্চে অপরিবর্তিত ছিল। এতে অন্য মুদ্রার গ্রাহকের জন্য ধাতুটির ক্রয় খরচ বেড়ে গেছে। ফলে চাহিদা কমিয়ে খরচ নিয়ন্ত্রণ করছেন ব্যবহারকারীরা।










