কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে নিয়োগ দেয়া হয়েছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি সই হয়েছে।
সম্প্রতি রাজধানীতে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায়, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত আইপিও বাস্তবায়নে সার্বিক ইস্যু ব্যবস্থাপনা ও পরামর্শসেবা দেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
নিজস্ব কার্যক্রম এবং সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি অবকাঠামো উন্নয়ন সংশ্লিষ্ট উৎপাদন খাত যেমন, সিমেন্ট, ব্যাটারী, ট্রান্সফরমার, ড্রেজিং, জিও-ব্যাগ, ইলেকট্রিক পোল ও সেতু নির্মাণ, স্টোরেজ বা সংরক্ষনাগার নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যু্ৎ উৎপাদনের জন্য অবকাঠামো নির্মাণ ও টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রুপটির পুঁজিবাজারেও দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে। কনফিডেন্স সিমেন্ট পিএলসি ১৯৯৫ সাল থেকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং বর্তমানে 'এ' ক্যাটাগরির একটি কোম্পানি হিসেবে লেনদেন করছে।
২০২৫ সালের জুন পর্যন্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ১ হাজার ৩৮১ মিলিয়ন টাকা এবং অনুমোদিত মূলধন ৫ হাজার মিলিয়ন টাকা। একই সময়ে বার্ষিক সমন্বিত বিক্রয় আয় ছিল ৩৬ হাজার ৫৭ মিলিয়ন টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৯২ দশমিক ৭২ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৯ দশমিক ৯২ টাকা।
কোম্পানিটি ৩ হাজার মিলিয়ন টাকার প্রস্তাবিত আইপিওর মাধ্যমে মূলধনভিত্তি শক্তিশালী করে ভবিষ্যৎ সম্প্রসারণ কার্যক্রমে অর্থায়নের পরিকল্পনা করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, এ অংশীদারত্ব আইপিও বাস্তবায়নে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন প্রতিষ্ঠানের পুঁজিবাজারে অন্তর্ভুক্তি বাজারের গভীরতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।










