রেকর্ড তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে চীন। এ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে খনি থেকে কয়লা উত্তোলন বাড়িয়েছে দেশটির বিভিন্ন কোম্পানি। জুলাইয়ে চীনের কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে চীনের কয়লা উত্তোলন বাড়লেও জুনের তুলনায় কমেছে। জুনে দেশটির কয়লা উত্তোলনের পরিমাণ ছিল ৪০ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টন, যা গত বছরের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

উত্তোলন বাড়ার বিষয়ে চীনের জাতীয় জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা জুলাইয়ের শেষে জানায়, চীনে তাপমাত্রা ক্রমবর্ধমান হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় যেন ন্যূনতম ২০ কোটি টন কয়লার মজুদ থাকে, সে বিষয়ে সমন্বয় করা হচ্ছে।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে চীনে গড়ে দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টন। গত বছরের একই সময় যা ছিল ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টন। জুনে চীন গড়ে দৈনিক ১ কোটি ৩৫ লাখ টন কয়লা উত্তোলন করেছিল।

চীনের পরিসংখ্যান ব্যুরো জানায়, গত মাসে চীনে জলবিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এর পরও দেশটি এ সময় কয়লার উত্তোলন বাড়িয়েছে।

আরো জানায়, চীনে গত মাসে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন ৪ দশমিক ৯ শতাংশ কমে ঘণ্টায় ৫৭ হাজার ৪৯০ কিলোওয়াটে নেমেছে। যদিও এ সময় দেশটিতে সার্বিক বিদ্যুৎ উৎপাদন ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ঘণ্টায় ৮৮ হাজার ৩১০ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। এদিকে জুলাইয়ে চীনে জলবিদ্যুৎ উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ২ শতাংশ বেড়ে ঘণ্টায় ১৬ হাজার ৬৪০ কোটি কিলোওয়াটে পৌঁছেছে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো লরি মাইলিভার্তা জানান, চীনে চলতি বছরের প্রথমার্ধে রাসায়নিক শিল্পে কয়লার ব্যবহার ২১ শতাংশ বেড়েছে।

চীনের কোকিং কয়লা উত্তোলন কেন্দ্র শানজিতে মার্চ-মে মাস পর্যন্ত উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এ সময় প্রদেশটির স্থানীয় সরকার কেন্দ্রটিতে মারাত্মক কয়েকটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরপর কয়েক দফা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখার নির্দেশ দেয়। পাশাপাশি কয়লার অতিরিক্ত উত্তোলন কমানোর নির্দেশনাও দেয়া হয়। গত বছর চীনের মোট কয়লার ২৯ শতাংশ শানজিতে উত্তোলন হয়েছিল।

এদিকে পরিসংখ্যান ব্যুরো আরো জানায়, জানুয়ারি-জুলাই পর্যন্ত চীনে কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৬৬ কোটি টনে পৌঁছে।