ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে বিশেষ আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এর মধ্যে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং ৩০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে ‘আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান; চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১২ সালে ঢাবি শিক্ষার্থীদের জন্য আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী এরই মধ্যে গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।










