সম্প্রতি ভোলা জেলার কার্যক্রমের দ্বিতীয় দিন সোমবার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়। উপজেলার মনিরাম বাজারসংলগ্ন হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে দিনব্যাপী প্রায় ২ হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। স্কয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ক্যাম্পটি পরিদর্শন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেয়ার এ উদ্যোগের জন্য স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান।
কর্মসূচির আওতায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ উদ্যোগে এরই মধ্যে ১৩টি জেলায় প্রায় ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার যে মূল দর্শন নিয়ে স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, সে অঙ্গীকার বাস্তবায়নেই এ বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।










