আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে তামার দাম। ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়ে পড়ায় ধাতুটির বাজারদরে ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে। যদিও শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীনের চাহিদা উদ্বেগ দাম কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ২২৫ ডলার ৫০ সেন্ট। অন্যদিকে সর্বাধিক লেনদেন করা সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) ডিসেম্বর সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৬৭ হাজার ৬১০ ইউয়ান (৯ হাজার ৩৩১ ডলার ৫৭ সেন্ট)।

এলএমইতে তামা ছাড়া অন্যান্য ধাতুর দামেও ওঠানামা দেখা গেছে। এর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২১২ ডলার, নিকেলের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ১৭ হাজার ৪০ ডলার, দস্তার দাম দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ৫৭৩ ডলার ৫০ সেন্ট, সিসার দাম দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ২৬২ ডলার এবং টিনের দাম দশমিক ৪ শতাংশ কমে ২৫ হাজার ১০৫ ডলার হয়েছে।

অন্যদিকে এসএইচএফইতে তামা ছাড়াও প্রায় প্রতিটি ধাতুর দাম কমেছে। এর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ১৮ হাজার ৮০৫ ইউয়ান, নিকেলের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে ১ লাখ ৩৫ হাজার ৪৮০ ইউয়ান, দস্তার দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ২১ হাজার ৩৯০ ইউয়ান, সিসার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১৬ হাজার ৯১৫ ইউয়ান এবং টিনের দাম দশমিক ৬ শতাংশ কমে ২ লাখ ১২ হাজার ৫৫০ ইউয়ান হয়েছে।