বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের কার্যক্রম এবং এইচএসবিসির সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব উদযাপন করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘পাওয়ারিং গ্লোবাল কানেক্টিভিটি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়াহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভির গণি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিয়ার সহসভাপতি (ট্রেজারি ও ট্যাক্সেশন) মোহাম্মদ আলসিলিমানি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান এ. আলআলি এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান।

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিমান সংস্থাটি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের পরিবারের সঙ্গে যোগাযোগ সহজ করেছে, ব্যবসা ও আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ বাড়িয়েছে এবং প্রতি বছর হাজারো হজযাত্রীকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করেছে।

চার দশকেরও বেশি সময় ধরে সৌদিয়া লাখো যাত্রী, প্রবাসী কর্মী, ব্যবসায়ী, পর্যটক এবং হজযাত্রীকে সেবা দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনাকারী বিদেশী বিমান সংস্থা হিসেবে সৌদিয়া প্রতি সপ্তাহে ৩২টি ফ্লাইট পরিচালনা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, হজ ও ওমরাহ যাত্রা এবং আর্থিক সহযোগিতায় অবদানের স্বীকৃতি হিসেবে ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিচালনা বিভাগ, পদ্মা অয়েল পিএলসি, ইউনাইটেড লিংক লিমিটেড এবং ফার্স্ট ফরওয়ার্ডিং লিমিটেড।

—বিজ্ঞপ্তি