ব্যাংক খাতের তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসির পর্ষদ ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ড ইস্যুর মাধ্যমে টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে এনআরবি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, এনআরবি ব্যাংকের প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা, যা আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও কুপন বিয়ারিং ফ্লোটিং রেট। সাত বছর মেয়াদি এবন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে ব্যাংকটিকে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনআরবি ব্যাংকের ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৬৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনআরবি ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সায়।
এনআরবি ব্যাংকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’।
৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।










