দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়েছে। গত তিনদিনে বন্দর দিয়ে ৬০টি ট্রাকে ১ হাজার ৭২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ কারণে নিম্নমুখী হয়ে উঠেছে পণ্যটির বাজার। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজিতে দাম কমেছে ৫-৬ টাকা করে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, সম্প্রতি অপ্রত্যাশিত বৃষ্টিপাতের কারণে দেশের বেশির ভাগ অঞ্চলে পেঁয়াজক্ষেত নষ্ট হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে লম্বা সময় ধরে পড়তির দিকে থাকলেও হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে পড়ে পণ্যটির বাজার। দাম নিয়ন্ত্রণে রাখতে আবারো পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা। ফলে দাম কমছে।
বন্দরে কয়েক দিন আগে নাসিক জাতের পেঁয়াজ ৩৫ টাকা বিক্রি হলেও তা কমে ৩০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২ টাকা থেকে কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নতুন সুখসাগর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চলতি সপ্তাহে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। বর্তমানে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। কোনো দিন তা বেড়ে ৩০ ট্রাকে দাঁড়াচ্ছে। গত তিনদিনে বন্দর দিয়ে ৬০টি ট্রাকে ১ হাজার ৭২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।










