ডাটা সেন্টার ব্যবস্থাপনা ও কম্পিউটিং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান অ্যাক্সেন্টেক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং অ্যাক্সেন্টেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অ্যাক্সেন্টেক সম্প্রতি দেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টেড টিয়ার-৪ ক্লাউড প্লাটফর্ম ‘অ্যাক্সেন্টেক ক্লাউড’ চালু করেছে, যা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। এ চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক অত্যাধুনিক এ ক্লাউড প্লাটফর্ম ব্যবহার করে তাদের প্রযুক্তিগত অবকাঠামোর কার্যকারিতা, ডাটা নিরাপত্তা এবং স্কেলেবিলিটি আরো জোরদার করবে।

এ অংশীদারত্বের মাধ্যমে কম্পিউটিং ও ক্লাউড সেবা সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে সহায়তা দেবে অ্যাক্সেন্টেক। ফলে ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরো শক্তিশালী করতে এবং গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে সক্ষম হবে মিডল্যান্ড ব্যাংক।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার এবং অ্যাক্সেন্টেকের সিনিয়র জেনারেল ম্যানেজার (অ্যাডভান্স নেটওয়ার্কিং অ্যান্ড ক্লাউড বিজনেস) ইস্তিয়াক আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি