টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান সামুদা শিপিং লিমিটেডের জন্য ১০ মিলিয়ন ডলারের শরিয়াহসম্মত মেয়াদি অর্থায়নের ব্যবস্থা করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসি। এক্ষেত্রে অ্যারেঞ্জার, সিকিউরিটি এজেন্ট ও অ্যাকাউন্ট ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল। ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে সাত বছর মেয়াদি এ অর্থায়ন সুবিধা নেয়া হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
এ অর্থায়নের মাধ্যমে ১৪ মিলিয়ন ডলার মূল্যের ২২ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন ভোজ্যতেলবাহী জাহাজ ‘এমটি সামুদা’ অধিগ্রহণ করা হবে। জাহাজটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ প্রধান আঞ্চলিক বাজার থেকে আমদানি করা ক্রুড পাম অয়েল টিকে-সামুদা গ্রুপের ভোজ্যতেল পরিশোধনাগারে পরিবহনে ব্যবহৃত হবে। পাশাপাশি তৃতীয় পক্ষের জন্যও চার্টারে দেয়ার সুযোগ থাকবে।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার এ লেনদেনের ডিল ক্লোজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ বলেন, ‘এ লেনদেনের মাধ্যমে আইসিডির বহুপক্ষীয় উন্নয়ন অর্থায়নের অভিজ্ঞতা এবং বাংলাদেশের বাজার সম্পর্কে ইবিএলের গভীর জ্ঞান সমন্বিত হয়েছে।’ দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষিভিত্তিক শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে এ অধিগ্রহণ উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সামুদা শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা হায়দার ও আইসিডির ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আশেক মঈদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










