কফি রফতানিতে অক্টোবরে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি দেখেছে কোস্টারিকা। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে প্রায় ১২০ শতাংশ। দেশটির কফি ইনস্টিটিউট আইক্যাফে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর নাসডাক। 

কোস্টারিকা বিশ্বের অন্যতম শীর্ষ কফি রফতানিকারক। উচ্চ মানসম্পন্ন অ্যারাবিকা কফি উৎপাদনের জন্য দেশটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। আইক্যাফের প্রতিবেদনের তথ্যমতে, গত মাসে দেশটি ৬ লাখ ৬ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৭৬ হাজার টন। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও ঊর্ধ্বমুখী উৎপাদন রফতানি বাড়াতে সহায়তা করেছে। কোস্টারিকা সারা বিশ্বেই কফি রফতানি করে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বাজারে সবচেয়ে বেশি রফতানি হয়। 

আইক্যাফের প্রাক্কলন অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে দেশটিতে ১৪ লাখ ৬৫ হাজার ব্যাগ কফি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অক্টোবরে এ মৌসুম শুরু হয়েছে। সমাপ্ত মৌসুমের তুলনায় উৎপাদন দশমিক ২ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। 

সরকারি হিসাবমতে, সদ্য বিদায়ী ২০২২-২৩ বিপণন বছরে পানীয় পণ্যটির রফতানির পরিমাণ ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ১২ মাসে দেশটি ১০ লাখ ৫ হাজার ৬৯৮ ব্যাগ রফতানি করেছে।