অক্টোবরে ভারতে স্বর্ণ আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ আমদানি হয়েছে ওই মাসে। বিজয়া দশমী ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সৃষ্ট চাহিদা ও নিম্নমুখী দাম জুয়েলারি ক্রয়ের পরিমাণ বাড়াতে উৎসাহিত করেছে। সরকারি এক সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

স্বর্ণ ব্যবহারে ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ। দেশটিতে ব্যাপক আমদানি ধাতুটির বাজার আদর্শ মূল্য বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে ভারত বাণিজ্য ঘাটতিতে পড়তে পারে। চাপের মুখে পড়তে পারে দেশটির মুদ্রাও। 

সরকারি সূত্রের দেয়া তথ্যমতে, ভারত অক্টোবরে ১২৩ টন স্বর্ণ আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৭৭ টন। এক দশকে মাসভিত্তিক গড় আমদানির পরিমাণ ছিল ৬৬ টন। অর্থমূল্যের দিক থেকে, অক্টোবরে ভারত ৭২৩ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে, আগের বছরের একই সময় যা ছিল ৩৭০ কোটি ডলার।

এদিকে চলতি মাসে দাম বেড়ে রেকর্ড স্পর্শ করেছে। প্রতি ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৬১ হাজার ৯১৪ রুপিতে। তবে চাহিদা এখনো ঊর্ধ্বমুখী। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে স্বর্ণের বার ও মুদ্রার চাহিদাও বলিষ্ঠ রয়েছে।  

সংশ্লিষ্টরা জানান, রেকর্ড দামের কারণে চলতি মাসে আমদানির পরিমাণ ৮০ টনে নেমে যেতে পারে। যদিও তা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ওই সময় আমদানি হয়েছিল ৬৭ টন।