আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের সংগঠনের সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে এ আয়োজনের দায়িত্ব পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আগামী ১৯-২১ নভেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রধান ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে মাইকোলাস রোমেরিস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সংগঠনের নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবেও অংশ নেন।
সম্মেলনের ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি প্রতীকী হস্তান্তর প্রক্রিয়ায় সম্মেলনের প্রতীক গ্রহণ করেন। এর মাধ্যমে বাংলাদেশে পরবর্তী সম্মেলন আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
ড. মো. সবুর খান বলেন, এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানদের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। বাংলাদেশে এ আয়োজন দেশের জন্য গৌরবের বিষয়। পাশাপাশি এর মাধ্যমে দেশের উচ্চশিক্ষা আরো শক্ত অবস্থান তৈরি করবে।
তিনি আরো জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের শিক্ষা, উদ্ভাবন ও একাডেমিক নেতৃত্বকে বিশ্বে তুলে ধরতে সহায়তা করবে।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের এ সংগঠন একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্লাটফর্ম। এতে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানরা যুক্ত আছেন। সংগঠনটি উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়ানো, নেতৃত্ব উন্নয়ন ও প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব জোরদারে কাজ করে।
এ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক একাডেমিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থান আরো শক্ত হবে।—বিজ্ঞপ্তি










