আন্তর্জাতিক বাজারে শুক্রবার মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ (ডিসিই) ও শিকাগো মার্কেটে অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অপরিশোধিত জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এর পেছনে ভূমিকা রেখেছে। তবে সপ্তাহের শেষ নাগাদ দাম বাড়লেও টানা তিন সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল এ ভোজ্যতেলের দাম। খবর বিজনেস রেকর্ডার। 

বুরসা মালয়েশিয়ান ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরের সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৪২ রিঙ্গিত বা ১ দশমিক ১২ শতাংশ বেড়েছে। এতে প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৬ রিঙ্গিত বা ৮৪৮ ডলার ৪৭ সেন্ট। তবে এ সপ্তাহে ফিউচার মার্কেটে ভোজ্যতেলটির দাম ৪ দশমিক ৩৭ শতাংশ কমেছে। এর আগের দুই সপ্তাহের তুলনায় দাম কমার হার ছিল ১ শতাংশ।

মুম্বাইভিত্তিক ভোজ্যতেল ব্যবসায়ী সানভিন গ্রুপের কমিডিটি রিসার্চ হেড অনিলকুমার বাগানি বলেন, ‘সেশনের শুরুতেও পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী ছিল। পরে এ সম্পর্কিত অন্য পণ্য, যেমন সয়াবিন তেলের দাম বাড়ার প্রভাবে পাম অয়েলের দাম বাড়ে। একই সময় ফিউচার মার্কেটে চীনা ভোজ্যতেলের দামও বেড়েছে।’