চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি বেড়েছে জুলাইয়ে। এ সময় মোট ২ লাখ ৬০ হাজার টন অ্যালুমিনিয়াম আমদানি করা হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে ২৩ লাখ টন অ্যালুমিনিয়াম আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৬ শতাংশ বেশি। এর মধ্যে ছিল অ্যালয়, অপরিশোধিত ও প্রাথমিক অ্যালুমিনিয়াম।
এদিকে জুলাইয়ে চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন ২০ বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদনের রেকর্ড করেছে। হালকা এ ধাতু সাধারণত নির্মাণ, পরিবহন ও প্যাকেজিং খাতে ব্যবহার হয়।
অ্যালুমিনিয়ামের মূল কাঁচামাল বক্সাইট। চীনে গত মাসে বক্সাইটের আমদানি ১৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ কোটি ৫০ লাখ টনে উন্নীত হয়েছে। এছাড়া বছরের প্রথম সাত মাসে বক্সাইট আমদানি ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে মোট ৯ কোটি ২৪ লাখ টন হয়েছে।










