চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) চীনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর চায়না ডেইলি।

চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী। জ্বালানিনিরাপত্তা জোরদার করতে দেশটি স্থানীয় উত্তোলন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। চীনে বেশ কয়েকটি নতুন তেলকূপ উত্তোলনে এসেছে। পাশাপাশি জ্বালানি তেল অনুসন্ধান ও কূপ খনন কার্যক্রম জোরদার করা হয়েছে। বিদ্যমান তেলক্ষেত্রগুলোর সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব বিষয় চীনের উত্তোলন সক্ষমতা বাড়িয়েছে। 

এনবিএস জানায়, জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশটি ১৫ কোটি ৬৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। গত মাসে উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। 

এদিকে চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি ৪২ কোটি ৪২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।