কফি রফতানিতে উল্লম্ফন দেখেছে কোস্টারিকা। সেপ্টেম্বরে দেশটির কফি রফতানির পরিমাণ গত বছরের একই মাসের চেয়ে ৮৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে বার্ষিক হিসাবে মোট রফতানির পরিমাণ কমেছে বলে জানিয়েছে কোস্টারিকার কফি ইনস্টিটিউট (আইসিএএফই)। খবর রয়টার্স।

চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মধ্য আমেরিকার দেশটি সেপ্টেম্বরে ৫১ হাজার ৮৮৪ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করেছে। ২০২২ সালের একই মাসে দেশটির রফতানির পরিমাণ ছিল ২৮ হাজার ১৩৮ ব্যাগ। এ হিসাবে গত মাসে রফতানি বেড়েছে ২৩ হাজার ৭৪৬ ব্যাগ।

আইসিএএফই বলেছে, উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন ছুটির কারণে চাহিদা কমার পাশাপাশি বছরের প্রথমার্ধে লজিস্টিক সমস্যায় রফতানি কার্যক্রমে মন্থরতা চলছিল। সমস্যা সমাধান হওয়ায় এবং আন্তর্জাতিক চাহিদা বাড়ায় সেপ্টেম্বরে রফতানি বেড়েছে।

মধ্য আফ্রিকা ও মেক্সিকোয় বেশির ভাগ অ্যারাবিকা কফির চাষ চলতি মাসে শুরু হয়ে শেষ হবে আগামী সেপ্টেম্বরে। সরকারি হিসাবমতে, সদ্য বিদায়ী ২০২২-২৩ বিপণন বছরে পানীয় পণ্যটির রফতানির পরিমাণ ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ১২ মাসে দেশটি ১০ লাখ ৫ হাজার ৬৯৮ ব্যাগ রফতানি করেছে।

তবে আন্তর্জাতিক গড় বাজারদর তুলনায় কোস্টারিকার কফির মূল্য সাশ্রয়ী বলে দাবি করেছে আইসিএএফই। ৪৬ কেজি ওজনের প্রতি ব্যাগ কফি ২৩৫ ডলার ৩২ সেন্টে বিক্রি করেছে দেশটি।