শস্য উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটির শস্য রফতানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩-২৪ বিপণন মৌসুমের প্রথম তিন মাসে রফতানি কমে ৮৭ লাখ ২০ হাজার টনে নেমে এসেছে, গত বছরের একই সময় যা ছিল ১ কোটি ২৩ লাখ টন। দেশটির খাদ্য ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মৌসুমের বাকি সময়জুড়েও রফতানি নিম্নমুখী থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
চলতি বছরের জুলাইয়ে ২০২৩-২৪ বিপণন মৌসুম শুরু হয়েছে, যা আগামী বছরের জুনে শেষ হবে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জুলাই-অক্টোবর পর্যন্ত ইউক্রেন ৪৪ লাখ টন গম, ৩৫ লাখ টন ভুট্টা ও ৬ লাখ ৬৯ হাজার টন যব রফতানি করেছে। আগের মৌসুমে দেশটি ৪৭ লাখ টন গম, ৬৬ লাখ টন ভুট্টা ও সাড়ে ১০ লাখ টন যব রফতানি করেছিল।
উচ্চ লজিস্টিকস ব্যয়ের পাশাপাশি জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছর ইউক্রেনের খাদ্যশস্য খাতে লোকসান ৩২০ কোটি ডলার ছাড়াতে পারে। ফলে আগামী বছরগুলোয় দেশটিতে আবাদ কমে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। ইউক্রেনের কৃষক ইউনিয়ন সম্প্রতি এমনটা জানিয়েছে।










