‘ডোন্ট মিস আ বিট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুর। গতকাল মঙ্গলবার হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে হাসপাতালের অডিটোরিয়ামে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক কে এম মনিরুল আলম আল মামুন ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের পরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।

মোহাম্মদ জহির হোসেন বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। হৃদযন্ত্র সুস্থ রাখতে পরিমিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।

তিনি বলেন, হৃদরোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বাড়াতেও হাসপাতালগুলোর ভূমিকা রয়েছে। রোগীদের মানসম্মত ও আন্তরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সুনাম ও সেবার মান ধরে রাখতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং ধূমপান পরিহারের ওপর গুরুত্ব দেন। হৃদরোগের লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এতে আরো উপস্থিত ছিলেন কার্ডিওলজি কনসালটেন্ট ডা. রহমাতুল্লাহ আসিফ, ডা. সৌমেন চক্রবর্তী, ডা. সাকিফ শাহরিয়ার ও ডা. মতিউর রহমান, চিফ কো-অর্ডিনেটর ও কার্ডিয়াক সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন শাকিল এবং চিফ কার্ডিয়াক সার্জন ডা. এস. এম. জাকির খালেদ। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

-সংবাদ বিজ্ঞপ্তি