যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রাকৃতিক গ্যাসের উত্তোলন কমতে পারে। উত্তোলন কমার পেছনে ভূমিকা রাখতে পারে বছরের শুরুতে বিশ্বব্যাপী জ্বালানি পণ্যটির নিম্নমুখী দাম। মঙ্গলবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। খবর রয়টার্স।
শর্ট টার্ম এনার্জি আউটলুক আগস্ট সংস্করণে ইআইএ জানায়, যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রাকৃতিক গ্যাস উত্তোলন দাঁড়াতে পারে গড়ে দৈনিক ১০ হাজার ৩৩০ কোটি ঘনফুটে, যা গত বছর ছিল ১০ হাজার ৩৮০ কোটি ঘনফুট।
এর আগে যুক্তরাষ্ট্র চলতি বছর দৈনিক গড়ে ১০ হাজার ৩৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারে বলে জুলাইয়ে পূর্বাভাস দিয়েছিল ইআইএ।
ইআইএ আরো জানায়, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দাঁড়াতে পারে দৈনিক প্রায় ৮ হাজার ৯৮০ কোটি ঘনফুটে, আগের দেয়া পূর্বাভাসে যা ছিল ৮ হাজার ৯৪০ কোটি ঘনফুট।
ইআইএর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর যুক্তরাষ্ট্র গড়ে দৈনিক ১০ হাজার ৪৬০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারে। এছাড়া এ সময় জ্বালানি পণ্যটির ব্যবহার পৌঁছতে পারে দৈনিক প্রায় ৮ হাজার ৯২০ কোটি ঘনফুটে।










