রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ব্যাংকিং ব্যবস্থায় তথ্য সুরক্ষা ও গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানের আইএসও সনদ অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান ‘একিউব টিক লিমিটেড’ রাকাবের অনুকূলে এ পুনঃসনদ ইস্যু করে। ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম পরিচালনা ও সাইবার হামলা মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর স্বীকৃতি হিসেবে এ সনদ দেয়া হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরামর্শক প্রতিষ্ঠান ‘কিউএ পিআরও লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম রাকাবের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজার হাতে সনদটি তুলে দেন।

এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং আইসিটি সিস্টেম বিভাগের প্রধান আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সনদ অর্জনের মাধ্যমে রাকাব একটি শক্তিশালী তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এতে ব্যাংকের তথ্য সুরক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করা আরো সহজ হবে। কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

রাকাব জানিয়েছে, ভবিষ্যতেও তারা আন্তর্জাতিক মান বজায় রেখে গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং আধুনিক ব্যাংকিং সেবা অব্যাহত রাখবে।

—বিজ্ঞপ্তি