শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানো ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্য নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই অনুষ্ঠান আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে ‘এসইউ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। টুর্নামেন্টের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জসি।

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারি শিপু, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ একরামুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহামেদ উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ালটন গ্রুপের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা অনুষ্ঠানে অংশ নেন।

প্লেয়ার্স ড্রাফটের এ বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসান। এছাড়া জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। তারা সবাই এ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে মোট ১২টি দল এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। আয়োজকরা আশা করছেন, এমন আয়োজন শিক্ষার্থীদের সুশৃঙ্খল ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে। ড্রাফট অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

—বিজ্ঞপ্তি