ফ্রান্সে ভারি বৃষ্টিপাতে শীতকালীন শস্য চাষাবাদ কার্যক্রম মন্থর হয়ে পড়ছে। এতে দেশটির গম ও বার্লি উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়ের বিশেষ দপ্তর ফ্রান্সএগ্রিমার। খবর বিজনেস রেকর্ডার।

ফ্রান্সের কৃষকরা গত বছরের এ সময়ে লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ জমিতে গম আবাদ করেছিলেন। ফ্রান্সএগ্রিমারের তথ্য বলছে, গত সপ্তাহে দেশটিতে প্রত্যাশিত জমির মাত্র ৬৭ শতাংশে খাদ্যশস্যটি চাষাবাদ করা হয়েছিল। তবে বর্তমানে তা ৭১ শতাংশে উন্নীত হলেও গত বছরের একই সময়ের চেয়ে যথেষ্ট কম।

ফ্রান্সএগ্রিমারের শস্য কমিটির প্রধান বেনোইট পিট্রেমেন্ট জানিয়েছেন, গত মাসে ভারি বৃষ্টিপাতে ফ্রান্সের উত্তরাঞ্চলে চাষাবাদ কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এ কারণে শস্য উৎপাদনের পরিমাণ কমতে পারে।

গতকাল পর্যন্ত আবাদ হওয়া ৮৬ শতাংশ সফট হুইট বা কম প্রোটিনসমৃদ্ধ গম ভালো অবস্থায় ছিল। এক সপ্তাহ আগেও ভালো অবস্থায় থাকা গমের পরিমাণ ছিল ৯১ শতাংশ। আর ২০২২ সালের একই সময়ে আবাদ হওয়া ৯৮ শতাংশ গম ভালো অবস্থায় ছিল। এ তথ্য বলে দিচ্ছে চলতি বছর ফ্রান্সে গম উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হতে পারে।

অন্যদিকে ফ্রান্সএগ্রিমার জানিয়েছে, বার্লি আবাদের পরিমাণ গত সপ্তাহের ৮১ থেকে বর্তমানে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে। আর আবাদি বার্লির ৮৬ শতাংশ ভালো অবস্থায় রেটিং করা হয়েছে, যা গত সপ্তাহেও ছিল ৯১ শতাংশ। আগের বছরের এ সময়ে আবাদ হওয়া ৯৮ শতাংশ বার্লির অবস্থা ভালো রেটিংয়ে ছিল।

এছাড়া ভুট্টা কাটার ক্ষেত্রে সামান্য অগ্রগতি হয়েছে। গত সপ্তাহের ৯৪ থেকে বেড়ে চলতি সপ্তাহে ৯৭ শতাংশ ভুট্টা কাটা সম্পন্ন হয়েছে। তবে গত বছরের এ সময়ে জমিতে থাকা সব ফসল ঘরে তুলেছিলেন কৃষক।