পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বিদ্যমান এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে আরো ৬০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসিআইয়ের পরিচালনা বোর্ডের ২৩২তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামে নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটি গঠন করা হবে। প্রস্তাবিত কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি ও পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা। নতুন কোম্পানিতে এসিআইয়ের মালিকানা থাকবে ৬০ শতাংশ।
অন্যদিকে এসিআইয়ের বিদ্যমান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে অতিরিক্ত ৬০ কোটি টাকা মূলধন বিনিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা বোর্ড। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এসব বাস্তবায়ন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসিআইয়ের শেয়ারপ্রতি লকসান হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৮ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ৬৪ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।










