ইউক্রেনে গত মাসে রেকর্ড তাপমাত্রার কারণে প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল উৎপাদন। এ কারণে চলতি বছর দেশটিতে ভুট্টা উৎপাদন প্রায় ৬০ লাখ টন কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ইউক্রেনের একটি প্রধান কৃষি উৎপাদক গ্রুপ ইউক্রেনীয় এগ্রারিয়ান কাউন্সিলের ডেপুটি প্রধান ডেনিস মার্চুক এ তথ্য জানিয়েছেন। খবর হেলেনিক শিপিং নিউজ।

ডেনিস মার্চুক বলেন, ‘‌প্রতিকূল আবহাওয়ায় ইউক্রেনের অনেক অঞ্চলে ভুট্টার ফলন প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে।’

ইউক্রেনের শস্য ব্যবসায়ীদের সংগঠন ইউজিএও গত সপ্তাহে তাপপ্রবাহের কারণে চলতি বছর দেশটিতে ভুট্টা উৎপাদন কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। ইউজিএও জানায়, চলতি বছর দেশটিতে ২ কোটি ৩৪ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। গত বছর ইউক্রেনে মোট ভুট্টা উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি ৯৬ লাখ টন।

এদিকে ইউক্রেন থেকে সম্প্রতি শস্য রফতানি বেড়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানায়, ২০২৪-২৫ মৌসুমের (জুলাই-জুন) প্রথম ২৪ দিনে দেশটি মোট ২৭ লাখ ৮০ হাজার টন শস্য রফতানি করেছে, যা গত মৌসুমের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেশি, গত মৌসুমের একই সময় পর্যন্ত যা ছিল ১৬ লাখ ৭০ হাজার টন।