কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৩ আগস্ট রাজধানীর একটি হোটেলে দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি নবায়ন করা হয়। চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে কানাডা থেকে মোট ছয় লাখ টন এমওপি সার আমদানি করা হবে। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার টন নিশ্চিত এবং অতিরিক্ত ১ লাখ ২০ হাজার টন ঐচ্ছিক পরিমাণ হিসেবে রাখা হয়েছে।

চুক্তিতে বিএডিসির পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে কৃষি সচিব মো. সেলিম খানসহ বাংলাদেশ ও কানাডার সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে সারা দেশের কৃষকদের কাছে প্রয়োজনীয় সার যথাসময়ে ও সুষমভাবে পৌঁছে দিতে সরকার কাজ করছে। একই সঙ্গে নন-ইউরিয়া সারের নিরাপদ মজুদ কার্যকরভাবে গড়ে তোলার লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা থেকে এমওপি সার আমদানির এ চুক্তি নবায়ন করা হলো।