ভারত ২০২২-২৩ বিপণন বছরে রেকর্ড পরিমাণ পাম অয়েল ও সূর্যমুখী তেল আমদানি করেছে। সলভেন্ট এক্সট্র্যাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) রিপোর্ট বলছে, বছরটিতে পাম অয়েল ও সূর্যমুখী তেল আমদানি বেড়েছে যথাক্রমে ২৪ ও ৫৪ শতাংশ। মূলত ভোক্তা চাহিদা বৃদ্ধি ও সয়াবিন তেলের তুলনায় এ ভোজ্যতেল দুটির সাশ্রয়ী মূল্য সুবিধার কারণে এ প্রবৃদ্ধি এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
উদ্ভিজ্জ তেলের শীর্ষ আমদানিকারক ভারত। এসইএর প্রতিবেদন বলছে, ৩১ অক্টোবর শেষ হওয়া ২০২২-২৩ বিপণন বছরে দেশটির পাম অয়েল আমদানি ৯৭ লাখ ৯০ হাজার টন ও সূর্যমুখী তেল আমদানির পরিমাণ ৩০ লাখ টন বেড়েছে।
অন্যদিকে পাম অয়েল ও সূর্যমুখী তেল আমদানির প্রভাবে সয়াবিন আমদানির পরিমাণ নিম্নমুখী। ২০২২-২৩ মৌসুমে দেশটির সয়াবিন আমদানির পরিমাণ ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮০ হাজার টনে।
এসইএর তথ্য বলছে, বছরটিতে ভারতের মোট ভোজ্যতেল আমদানির পরিমাণ ছিল রেকর্ড ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন, যা গত বছরের তুলনায় ১৭ দশমিক ৪ শতাংশ বেশি। দেশটির সরকার ভোজ্যতেল আমদানি কর ৫ দশমিক ৫ শতাংশে কমিয়ে দেয়া এ প্রবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। ১ নভেম্বর উদ্ভিজ্জ তেলের মজুদের পরিমাণ ৩৩ লাখ টনে উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ লাখ ৬০ হাজার টন থেকে বেশি।










