গতকাল রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক বিভাগ শিক্ষার্থীদের জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়ম-কানুন ও বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন; উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান; উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক ও কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অবসরপ্রাপ্ত) ইশফাক ইলাহী চৌধুরীসহ অন্যরা।

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাই ও শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এ সময় তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও নীতি অনুসরণ করে বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।