গরম ও শুষ্ক আবহাওয়ায় যুক্তরাষ্ট্রে সয়াবিন ও ভুট্টার ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দেশটিতে সম্প্রতি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সরবরাহ ঝুঁকি কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে গতকাল দরপতন হয়েছে সয়াবিন ও ভুট্টার। খবর বিজনেস রেকর্ডার।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য নেমেছে ১০ ডলার ৩৫ সেন্টে। সিবিওটিতে গতকাল ভুট্টার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৪ ডলার শূন্য ৮ সেন্টে। এদিন গমের দাম কমেছে দশমিক ৪ শতাংশ। বুশেলপ্রতি মূল্য নেমেছে ৫ ডলার ২১ সেন্টে।
গত বৃহস্পতিবার কমোডিটি ওয়েদার গ্রুপ জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে মার্কিন ২০ শতাংশ ভুট্টার ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পরের সপ্তাহে মার্কিন শস্য বেল্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে রাশিয়ার কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান সোভকন এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছর দেশটিতে ৮ কোটি ৪৭ লাখ টন গম উৎপাদন হতে পারে।










