যুক্তরাষ্ট্রে গম উৎপাদনের পূর্বাভাস বাড়িয়েছে দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ)। সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, খরা সত্ত্বেও খাদ্যশস্যটির ফলন বাড়বে। খবর রয়টার্স।
ইউএসডিএ ২০২৩-২৪ মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে ১৮১ কোটি ২০ লাখ বুশেল। এর আগে ১৭৩ কোটি ৪০ লাখ বুশেল উৎপাদন পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি, যা ২০২২-২৩ মৌসুমের প্রাক্কলিত ১৬৫ কোটি বুশেল থেকে বেশি। এদিকে উৎপাদন বাড়ার খবরে শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দর নেমেছে তিন বছরের সর্বনিম্নে। ফলে আসন্ন শীতকালে গম আবাদ করার সিদ্ধান্ত নেয়া কৃষকদের মাঝে শস্যটির মূল্য নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। স্টোনএক্সের প্রধান পণ্য অর্থনীতিবিদ আরলান সুডারম্যান বলেন, ‘মৌসুমের শেষ দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গমের ফলন বাড়াতে সাহায্য করবে বলে আশা করছি।’
পৃথক এক প্রতিবেদনে কৃষি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন গমের চাহিদা কিছুটা কমে যাওয়ায় মজুদ বেড়েছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত গমের মজুদ দাঁড়িয়েছে ১৭৮ কোটি বুলেশে, যা গত বছরের একই সময়ের ১৭৭ কোটি ৮০ লাখ বুশেলের চেয়ে বশি।










