জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে ত্রুটির কারণে দুদিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানীকৃত বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে গতি হারাচ্ছে বন্দর দিয়ে আমদানীকৃত পণ্যের নিয়মিত খালাস কার্যক্রম। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা।

ব্যবসায়ীরা জানান, গতকাল সকাল থেকেই কাস্টমসের সার্ভারে ত্রুটির কারণে হিলি স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানীকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকেই পণ্য ছাড়করণের জন্য বিল অব এন্ট্রি সাবমিট করতে কাস্টমসের দ্বারস্থ সিঅ্যান্ডএফ এজেন্টরা। কিন্তু সার্ভার না থাকার কারণে সেটি সম্ভব হয়নি। পরবর্তী সময়ে রাত ৮টার পর সার্ভার সচল হলে পুনরায় বিল অব এন্ট্রি সাবমিট করে পণ্য খালাস শুরু হয়।

হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, এনবিআরের সার্ভারে ত্রুটির কারণে বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আমদানীকৃত কোনো পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করা সম্ভব হয়নি। রাত ৮টার পর সার্ভার সচল হলে দ্রুত বিল অব এন্ট্রি সাবমিট করে রাত ১০টা অবধি পরীক্ষণ শুল্কায়ন সম্পূর্ণ করে সব পণ্য খালাস দেয়া হয়। আজও (বৃহস্পতিবার) একইভাবে রাত ৮টার পর সার্ভার সচল হলে রাত ১০টা পর্যন্ত বিল অব এন্ট্রি সাবমিট করা হয়। যেহেতু এখন সবকিছু অনলাইনে, যার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে করার কোনো সুযোগ নেই।