পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো ও উদ্বেগ মোকাবেলার কৌশল শেখাতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বিয়ন্ড এক্সাম অ্যাংজাইটি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার ও প্রক্টর অফিস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-৮০১ এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আসন্ন একাডেমিক মৌসুমে শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে এ আয়োজন করা হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, পরীক্ষার চাপের মধ্যেও শিক্ষার্থীরা যেন মানসিকভাবে স্থির থাকতে পারে ও চাপ মোকাবেলায় কার্যকর উপায় শিখতে পারে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষামূলক ও কাউন্সেলিং মনোবিজ্ঞানী ও সাইকোথেরাপিস্ট ইরফানা সামিয়া। তাকে সহায়তা করেন কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের একজন মনোবিজ্ঞানী।
অধিবেশনে শিক্ষার্থীদের নিজেদের উদ্বেগ ও মানসিক চাপের কারণগুলো বোঝার জন্য উৎসাহ দেয়া হয়। একই সঙ্গে তাদের নিজস্ব সক্ষমতা চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। উদ্বেগের সময় শরীর ও মনের ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটে এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় উদ্বেগ কমাতে গবেষণাভিত্তিক সচেতন অনুশীলন ও কার্যকর মানসিক ব্যবস্থাপনার কৌশল শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেয়া হয়। এসব কৌশল শিক্ষার্থীদের পরীক্ষার সময় মানসিক ভারসাম্য ধরে রাখতে সহায়তা করবে বলে আয়োজকেরা জানান।
কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল খালেক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, কিছু নেতিবাচক জীবনধারা ও ভুল মানসিক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের চাপ আরো বাড়িয়ে দেয়। তাই শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা অনুসরণ করতে হবে।
তিনি একাডেমিক চ্যালেঞ্জের সময় সততা ও নৈতিকতার গুরুত্বও তুলে ধরেন। একই সঙ্গে গুজবে প্রভাবিত না হয়ে নিজস্ব বিচারবোধ দিয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে তারা গুরুত্ব দিচ্ছে। একাডেমিক চাপ নিয়ে খোলামেলা আলোচনা ও সহায়তার পরিবেশ তৈরি করতে তারা কাজ করছে। এর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের আরো কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
—বিজ্ঞপ্তি










