শুষ্ক আবহাওয়ায় ২০২৩-২৪ বিপণন বছরে গম উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে আর্জেন্টিনা। সম্প্রতি গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেইন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

এফএএস আর্জেন্টিনার গম উৎপাদনের পূর্বাভাস ২০ লাখ টন কমিয়ে ১ কোটি ৪৫ লাখ টনে নামিয়েছে। তবে এ সংখ্যাও ২০২২-২৩ সালের খরায় আক্রান্ত ফসলের তুলনায় মোট ২০ লাখ টন বেশি। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার শীর্ষ গম উৎপাদক ও রফতানিকারক। দেশটি তিন বছর ধরে শুষ্ক আবহাওয়া পার করছে।

এফএএস জানায়, বিশ্লেষক ও উৎপাদকরা এখনো অক্টোবরের শুরুতে তুষারপাতের নেতিবাচক প্রভাব মূল্যায়ন করছেন। এ কারণে গম উৎপাদন আরো কমার আশঙ্কা করা হচ্ছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ২ দশমিক ৬ টন, যা গত এক দশকের গড় ফলনের চেয়ে ১৩ শতাংশ কম।

আটাসহ গম রফতানিতেও এফএএস পূর্বাভাস সংশোধন করে এক কোটি টনে নামিয়েছে, যা আগের পূর্বাভাসের চেয়ে ১৫ লাখ টন কম। পূর্বাভাস কামানো সত্ত্বেও প্রত্যাশিত রফতানির পরিমাণ এখনো ২০২২-২৩ সালের তুলনায় বেশি। সে সময় মাত্র ৩৯ লাখ টন গম ও আটা রফতানি করেছিল আর্জেন্টিনা। অন্যদিকে, ২০২১-২২ সালে ১ কোটি ৬০ লাখ টন গম রফতানি করেছিল দেশটি।