তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের আয়োজনে ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েডিভ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয়। এতে ব্র্যান্ড ব্যবস্থাপনা, বিপণন কৌশল, পণ্য পুনঃঅবস্থান ও সৃজনশীল যোগাযোগের ওপর বাস্তবভিত্তিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ভোক্তা ব্র্যান্ড ‘ফ্রেশ’-এর সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

গ্র্যান্ড ফিনালের ‘দ্য ফুল কোর্ট প্রেস’ পর্বে ফ্যাবল, শিঙারা সিন্ডিকেট, কার্পে ডিয়েম, অ্যাডজাস্টমেড, পিকি ব্লাইন্ডার্স ও মালটোভা—এ ছয় দল পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি ব্র্যান্ড সমাধান তুলে ধরে। পাশাপাশি অনলাইন ভিডিও বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্যের রিল উপস্থাপন করে দলগুলো। এতে চ্যাম্পিয়ন হয়েছে কার্পে ডিয়েম। এছাড়া পিকি ব্লাইন্ডার্স প্রথম রানার্সআপ ও অ্যাডজাস্টমেড দ্বিতীয় রানার্সআপ হয়েছে।

‘ফ্রেশ’ সবসময় তরুণ প্রজন্মের সঙ্গে ইতিবাচক ও অর্থবহভাবে যুক্ত থাকার সুযোগকে গুরুত্ব দেয় বলে জানান এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক-উজ-জামান খান। তিনি বলেন, ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েডিভ’ তরুণদের নিজেদের ধারণা ও দক্ষতা তুলে ধরার পাশাপাশি বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলার একটি চমৎকার প্লাটফর্ম তৈরি করেছে। আমরা বিশ্বাস করি, আজকের এ তরুণরাই আগামী দিনের ব্যবসা, যোগাযোগ ও সৃজনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান, এমজিআইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান এবং অডিট বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।