দেশের স্বাস্থ্যসেবায় সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইএসজি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)। এগুলো হলো ‘হেলথ ইকুইটি অ্যান্ড ইনক্লুশন অ্যাওয়ার্ড’ এবং ‘জব ক্রিয়েশন অ্যাওয়ার্ড’। সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার দেয়া হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে।

এসসিবির স্বাস্থ্যভিত্তিক উদ্যোগের আওতায় বরেন্দ্র, বিল, চর, উপকূল, পাহাড় ও হাওর—এ ছয় ধরনের ভৌগোলিক অঞ্চলের ১০০টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে ৩০ হাজারের বেশি কিশোরী ও তরুণী সরাসরি স্বাস্থ্যসেবা পেয়েছেন। পরোক্ষভাবে উপকৃত হয়েছেন আরো প্রায় এক লাখ মানুষ। এ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ব্যাংকটি ‘হেলথ ইকুইটি অ্যান্ড ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে।

অন্যদিকে তরুণ, নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে এসসিবি। ইউসেপের সঙ্গে ‘গিভিং উইংস টু ড্রিমস’, ব্র্যাকের সঙ্গে ‘এমপাওয়ারিং দ্য ফিউচার’ এবং ইউনিসেফের সঙ্গে ‘জেনারেশন আনলিমিটেডের পাসপোর্ট টু আর্নিং’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে ব্যাংকটি। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও কাজের সুযোগ তৈরিতে সহায়তা করা হচ্ছে। এর স্বীকৃতি হিসেবে ‘জব ক্রিয়েশন অ্যাওয়ার্ড’ পেয়েছে এসসিবি।

এসব স্বীকৃতি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতিফলন বলে দাবি করেছেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, ‘প্রকৃত টেকসই উন্নয়নের অর্থ হলো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। হোক তা স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করার মাধ্যমে অথবা মানুষকে নিরাপদ, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবিকা গড়ে তুলতে সহায়তা করার মাধ্যমে।’

উল্লেখ্য, ‘ইএসজি বিজনেস’ মূলত একটি বিটুবি প্রকাশনা ও শিল্পবিষয়ক পোর্টাল। এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে পরিবেশগত, সামাজিক ও সুশাসনবিষয়ক কার্যক্রম নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।