‘বিজিএমইএ মো. রিয়াজুদ্দিন ডে-কেয়ার সেন্টার’ নামে এ সেন্টারটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ করে গড়ে তোলা হয়েছে। শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী পরিবেশের পাশাপাশি এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএর কর্মীরাই এ সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা-বাবাদের কথা বিবেচনা করে তাদের সন্তানদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করতে এ আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও পরিচালক মোহাম্মদ সোহেল এবং ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।










