পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং জীবন বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহককে মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবির চেক পলিসিধারীদের হাতে তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। অনুষ্ঠানে ৯৪টি চেকের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়।
আইডিআরএর তথ্যানুযায়ী, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের আটজন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ৫২৮ জনকে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা, গোল্ডেন লাইফের চারজনকে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা এবং হোমল্যান্ড লাইফের ১৫ জনকে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা দেয়া হয়েছে।
এছাড়া পদ্মা ইসলামী লাইফের ৬২৪ জন গ্রাহক পেয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা। প্রগ্রেসিভ লাইফের ১ হাজার ৩৫০ জন গ্রাহককে দেয়া হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা। সানফ্লাওয়ার লাইফের ২০ জন গ্রাহককে দেয়া হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।
অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরো বাড়াতে হবে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
আইডিআরএ মনে করছে, বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি জনগণের আস্থাও বাড়বে।










