জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন এবার ভেড়া ব্যবহার করছে সৌরবিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণে । পোল্যান্ডের পোজনানে কোম্পানির একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে ঘাস খেয়ে জমি পরিষ্কার রাখছে ১০০টি ভেড়া। এতে ঘাস কাটার যন্ত্রের প্রয়োজন কমছে। একই সঙ্গে কৃষি, পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি গবেষণাও পরিচালিত হচ্ছে। খবর এনগ্যাজেট।
সৌরবিদ্যুৎ কেন্দ্রটি থেকে ফক্সওয়াগনের পোজনান উৎপাদন কারখানায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে এখন এটি শুধু বিদ্যুতের উৎস নয়। প্রতিষ্ঠানটির মতে, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় কৃষি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকল্পটি ‘অ্যাগ্রিভোলটাইক্স’ ধারণার অংশ। এতে একই জমিতে কৃষিকাজ ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসঙ্গে পরিচালনা করা হয়। এর লক্ষ্য হলো জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করা।
গবেষণাটির দায়িত্বে রয়েছে পোজনান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সেস। ভেড়ার চারণভূমি হিসেবে সৌরবিদ্যুৎ কেন্দ্র ব্যবহারে প্রাণীদের কল্যাণ, জীববৈচিত্র্য, মাটির গুণগত মান, উদ্ভিদের বৃদ্ধি ও স্থানীয় জলবায়ুর ওপর কী ধরনের প্রভাব পড়ছে তা পর্যবেক্ষণ করছেন গবেষকরা।
ফক্সওয়াগন পোজনানের পরিচালক মারজেনা পিলিখ-গ্রনস্কা বলেন, ‘সৌরবিদ্যুৎ কেন্দ্রটি এখন শুধু পরিবেশবান্ধব শক্তি উৎপাদন করছে না। এটি প্রকৃতি, স্থানীয় কৃষি ও গবেষণাকেও সহায়তা করছে।’
অ্যাগ্রিভোলটাইক্স সাম্প্রতিক সময়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে পরিচিতি পেয়েছে। বিভিন্ন দেশে সৌর প্যানেলের নিচে ফসল চাষের পরীক্ষামূলক উদ্যোগ দেখা গেছে। ফক্সওয়াগনের এ প্রকল্পে সেই ধারণার সঙ্গে যুক্ত হয়েছে গবাদিপশু পালনও।










