‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উদ্ভাবন, প্রভাব ও বুদ্ধিমত্তা উদযাপন’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ড্যাফোডিল এইচআর যৌথভাবে আয়োজিত ডিআইইউ এজেন্টিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল এডুপ্লেক্সে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইমরান মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক এম আর কবির এবং বিশ্ববিদ্যালয়ের ডাটা সায়েন্স ল্যাবের পরিচালক মো. সোহেল আরমান।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৭টি ভালো মানের প্রকল্প উপস্থাপিত হয়েছিল, যার মধ্যে ‘এআই প্রক্টর’ চ্যাম্পিয়ন, ‘লিব্রা এআই’ প্রথম রানারআপ ও ‘উইজডমিক এআই’ দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এআই প্রক্টর দলের সদস্যরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তাসরিফ নূর হিমেল এবং মোহাম্মদ মোজাহিদ। প্রথম রানারআপ বিজয়ী লিব্রা এআইর দলের সদস্যরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জাফরিন আলম প্রিমা, রকিব হাসান ও নুসরাত ফারজানা চৌধুরী। আর দ্বিতীয় রানারআপ বিজয়ী উইজডমিক এআই দলের সদস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুপম আবির কলিন, শাহরিয়ার নাফিস অভি, ফারিয়া আফরোজ লিম্পা এবং রাতুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, আমাদের মধ্যে প্রচুর মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সেই মেধাবী এবং প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করতে হবে। তাদের প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন, নিজস্ব ব্র্যান্ডিং প্রতিষ্ঠা ও চাকরির বাজারে প্রতিষ্ঠিত করতে সহায়তা করতে হবে। তিনি শিক্ষার্থীদের শুধু প্রকল্প এবং ধারণা প্রদর্শন বা বিকাশ না করে, তা বাস্তবায়ন ও যথাযথ সমাধান নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের স্তর, আস্থা ও নির্ভরতাকে বৃদ্ধি করবে। তিনি শিক্ষকদের পাঠ্যক্রমের সূচিতে এ ধরনের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি