ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উদযাপিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে প্রক্টর অধ্যাপক ড. শেখ মো. আলায়েয়ারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণের আগে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, মহান ভাষা আন্দোলন জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা আত্মত্যাগ, অধিকার ও আত্মপরিচয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। -বিজ্ঞপ্তি











