স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আজ বুধবার (২৬ মার্চ) এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বীরত্বগাথা ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতা নিয়ে গত ১৫ বছর অনেক দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখন সবাইকে একসঙ্গে দেশ পুনর্গঠন করতে হবে। মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘স্বাধীনতা আমাদের সর্বোচ্চ অর্জন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশ গঠনের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।

বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে এনএসইউর পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। —বিজ্ঞপ্তি