অগ্নিসচেতনতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ মহড়া আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মহড়া শুরুর আগে বারিধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও উদ্ধার প্রক্রিয়া নিয়ে সেমিনার পরিচালনা করেন। এরপর সাইরেন বাজিয়ে মহড়া শুরু করা হয়।

এ সময় অংশগ্রহণকারীদের দ্রুত শ্রেণীকক্ষ ও অফিস খালি করার নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা সবাইকে নিরাপদে এনএসইউ প্লাজায় নিয়ে যান। নিয়ম অনুযায়ী, লিফট বন্ধ করে সবাইকে সিঁড়ি ব্যবহার করে বের হতে বলা হয়।

মহড়ার অংশ হিসেবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয়। একই সঙ্গে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

এ আয়োজনের জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জানিয়ে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ মহড়ার মাধ্যমে আমাদের সীমাবদ্ধতা বোঝার সুযোগ হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মহড়া থাকা উচিত। তিনি বলেন, সচেতনতা বাড়ালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নুরুল মোমেন খান, পরিচালন ও রক্ষণাবেক্ষণ পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মো. মুশতাক হাবিবসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

—বিজ্ঞপ্তি