আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ ও ফ্রিজার উন্মোচন করেছে ওয়ালটন। স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী সুবিধা ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এ নতুন পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের অবস্থান আরো শক্ত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত ‘ওয়ালটন মেগা লঞ্চ’ অনুষ্ঠানে নতুন এসব মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

নতুন এ পণ্যসারিতে রয়েছে প্রিমিয়াম সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, পানি সরবরাহ সুবিধাযুক্ত ফ্রিজ, বরফ জমে না এমন ফ্রিজ, ওপরের অংশে ফ্রিজারযুক্ত রেফ্রিজারেটর, সৌরবিদ্যুৎচালিত চেস্ট ফ্রিজার, উল্লম্ব ফ্রিজার, ছোট আকারের ফ্রিজ, পানীয় ঠান্ডা রাখার কুলার ও আইসক্রিম ফ্রিজার।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের প্রধান ব্যবসা কর্মকর্তা মো. তাহসিনুল হক বলেন, দেশের বাজারে নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি ওয়ালটন এরই মধ্যে বিশ্বের ৫৫টির বেশি দেশে পণ্য রফতানি করছে। তিনি জানান, ভবিষ্যতে বিশ্বের ১০০টির বেশি দেশে ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এ নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন এ ফ্রিজগুলো আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের ব্র্যান্ড অবস্থান আরো মজবুত করবে এবং বাজার সম্প্রসারণের গতি বাড়াবে।

অনুষ্ঠানে ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী নতুন মডেলগুলোর প্রযুক্তিগত দিক তুলে ধরেন। তিনি জানান, নতুন পণ্যসারির অন্যতম আকর্ষণ ৬২৯ লিটারের স্মার্ট ফ্রিজ, যাতে বড় আকারের মাল্টিমিডিয়া ডিসপ্লে রয়েছে। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার, ভিডিও দেখা, অনলাইন কেনাকাটা ও বিভিন্ন স্মার্ট সুবিধা ব্যবহার করা যাবে।

এ ফ্রিজে দ্রুত ঠান্ডা করার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ত্রুটি শনাক্ত ব্যবস্থা, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং বিভিন্ন মোডে ব্যবহার করার সুবিধা রয়েছে। আলাদা কুলিং নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে খাবার দীর্ঘ সময় সতেজ রাখা সম্ভব হবে।

এছাড়া নতুন পণ্যসারিতে ৬১৯ লিটারের আরো দুটি বড় ফ্রিজ রয়েছে। এসব ফ্রিজে পানি সরবরাহ ব্যবস্থা, আলাদা নিয়ন্ত্রণ পদ্ধতি, দ্রুত ঠান্ডা করার সুবিধা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ওয়ালটন সৌরবিদ্যুৎচালিত ২৫৫ লিটারের চেস্ট ফ্রিজারও উন্মোচন করেছে। এতে দীর্ঘ সময় ঠান্ডা রাখার সুবিধা, বড় সংরক্ষণক্ষমতা, অভ্যন্তরীণ আলো ও উন্নত কুলিং ব্যবস্থা রয়েছে।

নন-ফ্রস্ট শ্রেণির ৫১৫ লিটারের নতুন মডেলের ফ্রিজেও দ্রুত ঠান্ডা করার সুবিধা, আলাদা চিলার রুম, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি রাখা হয়েছে।

টপ মাউন্ট ক্যাটাগরির নতুন ফ্রিজগুলোতেও আধুনিক ডিজাইন, উন্নত কুলিং প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী সুবিধা যুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় যুক্তরাষ্ট্রের জন্য ৫০ ও ৯৩ লিটারের ছোট ফ্রিজ এবং নেপাল ও ভারতের বাজারের জন্য ১৬৫ লিটারের এক দরজার ফ্রিজ বাজারে আনা হয়েছে। এসব মডেলে কাচের দরজা, আধা-স্বয়ংক্রিয় বরফ গলানোর ব্যবস্থাসহ বড় সবজি রাখার বক্স রয়েছে।

বাণিজ্যিক ব্যবহারের জন্য ৭২০ লিটারের ডাবল ডোর পানীয় কুলার, ১০০ লিটারের সিঙ্গেল ডোর কুলার এবং আইসক্রিম ফ্রিজারও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এসব পণ্য দোকান, রেস্তোরাঁ, হোটেল ও খাদ্যসেবা খাতের জন্য উপযোগী।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ, ভারতের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদারেরা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

ওয়ালটন জানিয়েছে, দেশের বাজারে নতুন মডেলের এসব ফ্রিজের দাম ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

—বিজ্ঞপ্তি