আর্জেন্টিনায় ২০২৪-২৫ মৌসুমে গম উৎপাদন ও রফতানি বাড়তে পারে। উৎপাদন ও রফতানি বাড়ার পেছনে ভূমিকা রাখবে আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এফএএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে আর্জেন্টিনায় গম উৎপাদন পৌঁছতে পারে ১ কোটি ৮৬ লাখ টনে, গত মৌসুমে যা ছিল ১ কোটি ৫৭ লাখ টন। এছাড়া এপ্রিল ও মে মাসে অনুকূল আবহাওয়ায় কৃষকরা গমের আবাদও বাড়িয়েছেন। আবাদযোগ্য জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ হেক্টরে।

এফএএস আরো জানায়, ২০২৪-২৫ মৌসুমে আর্জেন্টিনা থেকে গমের রফতানি পৌঁছতে পারে ১ কোটি ২৪ লাখ টনে, আগের মৌসুমে যা ছিল ৯২ লাখ টন। ২০২৪-২৫ মৌসুমে দেশটি ব্রাজিল, ইন্দোনেশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে গম রফতানি করতে পারে।

অন্যদিকে এফএএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন পৌঁছতে পারে ৪ কোটি ৯০ লাখ টনে, যা ২০২৩-২৪ মৌসুম থেকে ২০ লাখ টন কম। আবাদযোগ্য জমির পরিমাণ কমে দুই লাখ হেক্টরের নিচে নেমেছে।