মধ্যপ্রাচ্যের তুলনায় সাশ্রয়ী মূল্য সুবিধা পাওয়ায় রাশিয়া থকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে ভারত। আগস্টে ভারতে রুশ জ্বালানি তেলের আমদানি সাত মাসের সর্বনিম্নে পৌঁছেছিল। আকর্ষণীয় মূল্যছাড় পাওয়ায় সেপ্টেম্বরে রাশিয়া থেকে ক্রয়াদেশ বাড়িয়েছে ভারতীয় পরিশোধনকারীরা। খবর অয়েলপ্রাইসডটকম।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত সরবরাহ সংকট ও উর্ধ্বমুখী মূল্যের কারণে রাশিয়া থেকে আমদানি বাড়িয়েছে ব্যবসায়ীরা। 

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে চলতি মাসে রুশ জ্বালানি তেলের আমদানি ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ১৫ লাখ ৫০ হাজার ব্যারেলে। এদিকে সেপ্টেম্বরে রুশ জ্বালানি তেলের আমদানি বাড়লেও সৌদি আরব থেকে আমদানির পরিমাণ  ১০ শতাংশ কমিয়েছে ভারত।